মোবাইল ব্যাংকিংয়ে কারসাজির দায়ে ২ চেয়ারম্যানসহ ৫ জন বরখাস্ত
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর তালিকা প্রণয়নে অনিয়ম এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত চেয়ারম্যানরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউপি চেয়ারম্যান কবির আহমেদ ও বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ভূঁইয়া।
অপরদিকে বরখাস্তকৃত ইউপি সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য তাহের মিয়া, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউপির নম্বর নম্বর ওয়ার্ডের সদস্য মো. বোরহান উদ্দিন এবং একই উপজেলার চাঁদপুর ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য বিলকিস বেগম।
বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
একইসময় সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান ও সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাবপত্র ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।